Thursday, November 12, 2015

চড়ুই ভাতি



যাহ!

তোকে চাইব না আর ডাকতে কাছে,
ভ্যান্না তলায়, কলার পাতার ঘর বানাতে।
আমন খরের জাজিম পেতে
ডাকবো না আর,
চাইবো না আর বউ বানাতে।
গোল মরিচের তরকারি আর
জংলী কচুর শাক,
বলব না আর রাঁধতে তোকে
বালি মাটির ভাত।
করবো না আর মাটির থালায়
মিছি মিছি বউভাত।


গামছা পড়িয়ে চাইব না আর বউ বানাতে,
ভ্যান্না তলায় কলার পাতার ঘর পাতাতে।
বলব না আর,বৃষ্টি মাথায় আসতে কাছে,
ডাকবো না আর, বউ বলে রাগলে পাছে।

যাহ!
তোকে ডাকবো না আর চড়ুইভাতির
ঘর সাজাতে,
চাইবো না আর ভ্যান্না তলায়
কলার পাতা,আমনের খর আর
কঞ্চি কেটে ঘর বানাতে।।

No comments:

Post a Comment